ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী অংশে একদিনে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এসব দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে মহাসড়কের কসবা এলাকায় ঢাকাগামী ‘বাউফল ট্রাভেলস’ এবং বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ‘এসএস পরিবহন’-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
একই দিনে মহাসড়কের অন্যান্য স্থানে আরও দুটি ছোটখাটো দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানান, কসবা এলাকায় দুর্ঘটনাকবলিত বাস দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সড়কে চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেএইচআর