কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুই শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক নিহতের সংখ্যা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনা সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন 'মামুন পরিবহন' নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রেনটি বাসটিকে ঠেলে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জন মারা যান।
এই দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনা তদন্তে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রেন ও বাসটি সরাতে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন আনা হচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
জেএইচআর