নড়িয়ায় নির্বাচনী সংঘাত: ৪০ বাড়িতে হামলা ও লুটপাট, আটক ১০

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৬:৪৮ পিএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে নির্বাচনী বিরোধের জেরে ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

সোমবার (২৩ মার্চ) সকালে ইউনিয়নের তালতলা, কুরবির চরসহ কয়েকটি এলাকায় প্রতিপক্ষের হামলায় অন্তত ৪০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও গবাদি পশু লুটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন তালতলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থক ফারুক হাওলাদারের সঙ্গে জামায়াত সমর্থক রুবেল ও সোহেল কাজীর বিরোধ সৃষ্টি হয়। ওই ঘটনার জেরে গতকাল রোববার মৃধার মোড়ে সাব্বির ভূঁইয়া নামে এক যুবককে মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

রোববারের ঘটনার প্রতিবাদে আজ সোমবার সকালে নাসির সিকদার ও খলিল শেখের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে এলাকায় তাণ্ডব চালায়। হামলাকারীরা মফিজ ভূঁইয়া, হাফিজ ভূঁইয়া, কালাম ভূঁইয়াসহ প্রায় ৪০টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর করে।

ভুক্তভোগীদের দাবি, সন্ত্রাসীরা কালাম ভূঁইয়ার খামার থেকে ৪টি গরু এবং প্রবাসী জলিল বেপারীর স্ত্রীর ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে। হামলায় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সেখান থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, নির্বাচনী সহিংসতাকে কেন্দ্র করে এই মারামারি ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জেএইচআর