ফরিদগঞ্জে সহপাঠীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৭:১৩ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে ঘুরতে গিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সহপাঠীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২২ মার্চ) সকালে ফরিদগঞ্জের গল্লাক আদর্শ কলেজের এক শিক্ষার্থী তার সহপাঠী তুহিন হোসেন ওরফে সালমানের সঙ্গে ঘুরতে বের হন। অভিযোগ রয়েছে, ঘোরার একপর্যায়ে সালমান কৌশলে তাকে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এতে ওই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। সন্ধ্যার দিকে অভিযুক্ত সালমান ভুক্তভোগীকে তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ঘটনা জানাজানি হওয়ার পর ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হকের নির্দেশে এসআই সফিকুল ইসলাম অভিযানে নামেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সালমান উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেএইচআর