নড়িয়ায় বাড়িঘরে হামলা ও বোমা বিস্ফোরণ, গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য এলাকা

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০২:১৩ পিএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগরে হামলা, বোমা বিস্ফোরণ ও ৪০টিরও বেশি বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় ২৮ জনকে আসামিসহ আরও অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনকে আসামি করে নড়িয়া থানার এসআই এনছের আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। 

ঘটনার পর এলাকার পুরুষরা আতঙ্কে স্বজনের কাছে চলে যাওয়ায় এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। পুলিশ গতকাল ১০ জনকে গ্রেপ্তার করলেও এখন পর্যন্ত নতুন কোনো আসামিকে আটক করতে পারেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, জানিয়েছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা, কুরবির চর, কালাই ভুইয়ার কান্দি ও দরবেশখার কান্দি এলাকায় ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন তালতলা দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে স্থানীয় বিএনপির সমর্থক জাহাঙ্গীর হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছিল। 

একই কেন্দ্রের ভোটার জামায়াতে ইসলামী সমর্থক রুবেল কাজী ও সোহেল কাজীকে বাধা দেয়ার পর সোহেল ও রুবেলকে বিএনপির সমর্থকরা মারধর করে।

এর জের ধরে গত রোববার হাফিজ ভুইয়ার ছেলে সাব্বির ভুইয়া মোটরসাইকেল নিয়ে তালতলা এলাকার মৃধার মোড়ে গেলে জামাত সমর্থক নাসির সিকদারের ছেলে নাইম সিকদারের লোকজন তাকে মারধর করে এবং মোটরসাইকেল ভাঙচুর করে। এই ঘটনায় উত্তেজিত হয়ে সোমবার সকালে নাসির সিকদার ও খলিল শেখের নেতৃত্বে শত শত লোক দেশীয় অস্ত্র ও বোমা নিয়ে হামলা চালায়। 

এতে মফিজ ভুইয়ার ৩টি ঘর, হাফিজ ভুইয়ার ৩টি ঘর, কালাম ভুইয়ার ৩টি ঘর, প্রবাসী জলিল বেপারী, আব্দুর রাজ্জাক বেপারী, আব্দুর রশিদ বেপারী, শামসুল হক রাড়ী, সুলতান রাড়ী, হালেম রাড়ী, সফু মোল্লা, জব্বর মোল্লা, সাইদুর মোল্লা ও জামলা রাড়ীর ঘরসহ প্রায় ৪০টি ঘর ভাঙচুর হয়। এছাড়া সন্ত্রাসীরা কালাম ভুইয়ার খামার থেকে ৪টি গরু, জলিল বেপারীর স্ত্রীর ১৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, পুলিশ বাদী হয়ে ২৮ জনকে আসামিসহ আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। তবে নতুন কোনো আসামিকে এখনও গ্রেপ্তার করা যায়নি।

এএন