দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে অর্ধশতাধিক বার ‘স্যার’ সম্বোধন ডিসির

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১০:৪৪ এএম
বক্তব্য রাখছেন রংপুরের ডিসি এনামুল আহসান। ছবি: সংগৃহীত

রংপুরের এক সরকারি সভায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জেলা প্রশাসক এনামুল আহসান। উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার বদলে তাঁর বক্তব্যে অতিরিক্ত ‘স্যার’ সম্বোধনই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু-কে উদ্দেশ করে বক্তব্য দেন তিনি। প্রায় দুই মিনিটের এই বক্তব্যে মন্ত্রীকে ৫০ বারেরও বেশি ‘স্যার’ বলে সম্বোধন করেছেন বলে জানা গেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বক্তব্য দিতে গিয়ে প্রায় প্রতিটি বাক্যেই একাধিকবার ‘স্যার’ শব্দ ব্যবহার করছেন তিনি। এতে উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন, কেউ কেউ বিরক্তিও অনুভব করেছেন বলে জানা গেছে।

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া কেউ বিষয়টি হাস্যরসের দৃষ্টিতে দেখছেন, আবার কেউ সরকারি কর্মকর্তার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলছেন।

শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া বিভিন্ন জেলার সংসদ সদস্য, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ রাজনৈতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরাও অংশ নেন।

‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন ও শিল্পায়ন সম্ভাবনা’ নিয়ে গুরুত্বপূর্ণ এই আয়োজন হলেও, শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ডিসির সম্বোধন ব্যবহারের ধরনই। এটি সরকারি আচরণবিধি ও পেশাদারিত্বের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নানা মহলে।

এএন