২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং কালরাতের ভয়াল গণহত্যার তাৎপর্য তুলে ধরা হয়।
হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরফীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ। মাওলানা গিয়াসউদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের সেই বিভীষিকাময় রাতকে স্মরণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ বলেন, গণহত্যার প্রকৃত ইতিহাস ও চিত্র নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। তবেই তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেতন ও দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে।
সভায় বক্তারা আরও উল্লেখ করেন যে, ২৫ মার্চ শুধু শোকের দিন নয়, এটি বাঙালির আত্মপরিচয় ও লড়াইয়ের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ ও গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
জেএইচআর