খায়রুল হাসান

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারেই মিলবে প্রকৃত স্বাধীনতার সুফল

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৪:৫২ পিএম

মহান স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশের মানুষ এখনো প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর মো. খায়রুল হাসান।

তিনি বলেন, ভোটের স্বাধীনতা, ভাতের স্বাধীনতা এবং মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি। শোষিত, বঞ্চিত ও অধিকারহারা মানুষের কান্না এখনো থামেনি। দেশের শাসকগোষ্ঠী নিজেদের উন্নয়নে ব্যস্ত থাকলেও সাধারণ মানুষের জীবনমানের তেমন উন্নয়ন হয়নি। দেশে অহরহ খুন-খারাপি ঘটলেও সেগুলোর বিচার হচ্ছে না।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুরের কালিগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আমীর মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো. তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. মুখলেছুর রহমান খান, কালিগঞ্জ পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসান, গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল বাছেদ মোল্লা, মাওলানা আব্দুল হান্নান বেলালী, মাওলানা মুজিবুর রহমান, হাফেজ কামরুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশের আগে একটি বর্ণাঢ্য র‍্যালি কালিগঞ্জ পুরাতন ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন চত্বরেই শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

খায়রুল হাসান আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার করা হলেই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে।