মাগুরায় আসন্ন বাণিজ্য মেলাকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবার দুপুরে মাগুরা জেলা স্টেডিয়াম ও আইটি পার্ক সংলগ্ন শিশু মাঠে মেলার ভৌত অবকাঠামোর উদ্বোধন করা হয়।
মাগুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিকে চাঙা করার নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতশীল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আক্তার হোসেন। এ সময় সহ-সভাপতি মোহাম্মদ ফরিদ হাসান খানসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, মাগুরার উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন ব্যবসায়ী, কৃষক ও শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষ এর সুফল ভোগ করবেন। এই বাণিজ্য মেলা স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য একটি উন্মুক্ত সুযোগ তৈরি করবে।
তিনি আরও উল্লেখ করেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে এবং এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন উদ্যোক্তা ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই মেলা কেবল পণ্য প্রদর্শনীর জায়গা নয়, বরং স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ এবং বিনিয়োগের সম্ভাবনা বাড়ানোর একটি কার্যকর প্ল্যাটফর্ম। অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতশীল জানান, মেলার নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
আয়োজক কমিটি জানিয়েছে, মেলায় দেশীয় শিল্পপণ্য, প্রযুক্তি সামগ্রী এবং বিনোদনমূলক নানা আয়োজন থাকবে। বর্তমানে স্টল বরাদ্দ ও অবকাঠামো নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই মেলা মাগুরার অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
জেএইচআর