নেত্রকোনার কেন্দুয়ায় লাইসেন্স ব্যতীত অবৈধভাবে পেট্রোল মজুত ও চড়া মূল্যে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজারে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম রামপুর বাজারের ‘কৃষি-সাথী’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় ওই প্রতিষ্ঠানের গুদাম ঘর থেকে ড্রামে মজুত করা মোট ৮০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ করা হয়।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এনায়েতুর রহমান জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা সব মিলিয়ে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ইউএনও জানান, জব্দকৃত ৮০০ লিটার পেট্রোল আগামীকাল শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে প্রকাশ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এই বিক্রয় প্রক্রিয়া তদারকির দায়িত্ব প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের কঠোর তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জেএইচআর