গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক ভাড়াটিয়া নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী এলাকার একটি বসতবাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
নিহত কবিতা বেগম (২৫) সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের বকু মিয়ার মেয়ে। তিনি গত কিছু দিন ধরে পার আমলাগাছী গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতর বিছানার ওপর কবিতার গলাকাটা দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা।
মরদেহ উদ্ধারের সময় বাড়ির উঠানে একটি কাটা পুরুষাঙ্গ পড়ে থাকতে দেখা যায়, যা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও রহস্যের দানা বেঁধেছে। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ারে আলম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এই নৃশংস ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।
তদন্ত শেষে ঘটনার পেছনের কারণ ও দোষীদের সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।
জেএইচআর