রংপুরে ঝড় শীলাবৃষ্টি ফসলের ক্ষতি বিদ্যুৎস্পৃষ্ট এক জনের মৃত্যু

শরিফুল ইসলাম, রংপুর প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৩:৪৫ পিএম

রংপুরে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার রাতভর চলা এই প্রাকৃতিক দুর্যোগে জেলার বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন।

শনিবার সকালে নগরীর বাহার কাছনা রামগোবিন্দ বাঙ্গীটারী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কাজলী বেগম (৫০) ওই এলাকার চা বিক্রেতা সাইফুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের ঝড়ে সাইফুল ইসলামের বাড়ির মিটারের একটি তার ছিঁড়ে টিনের ঘরের সংস্পর্শে আসে, ফলে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। সকালে নামাজের জন্য দরজা খুলতে গিয়ে কাজলী বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গিয়ে স্বামী সাইফুল ইসলাম, মেয়ে সাবরিনা, ভাসুর হাফিজুল ইসলাম ও ভাবী রত্না বেগমও আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাজলী বেগমের মৃত্যু হয়।

ঝড় ও বড় আকারের শিলাবৃষ্টিতে জেলার চরাঞ্চলসহ বিভিন্ন উপজেলার উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ভুট্টা, ধান এবং মৌসুমি শাক-সবজির খেত তছনছ হয়ে গেছে। অনেক স্থানে শিলার আঘাতে গাছ ভেঙে পড়েছে এবং ফলন নষ্ট হয়ে গেছে। জেলা কৃষি কর্মকর্তা রোকনুরজ্জামান জানান, ক্ষতির পরিমাণ নিরূপণে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঠে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রংপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, মৌসুমি বৈরী আবহাওয়ার কারণে এই ঝড়-বৃষ্টির প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

জেএইচআর