সাদুল্লাপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫ জনের দাফন সম্পন্ন

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৪:৪৩ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া ও ছত্রগাছা গ্রামের ট্রেন দুর্ঘটনায় নিহত ৫ জনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়ে

 শনিবার বাদ জোহর পর্যায়ক্রমে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্বজনদের অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।

গত শুক্রবার (২৭ মার্চ) রাতে টাঙ্গাইলের কালিহাতীতে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের মা-ছেলেসহ ৫ জন নিহত হন। শনিবার সকালে একই অ্যাম্বুলেন্সে করে নিহতদের মরদেহ নিজ এলাকায় পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারি আর শোকাহত মানুষের ভিড়ে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

নিহতরা হলেন-  ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের নার্গিস বেগম ও তার শিশু পুত্র নীরব, একই গ্রামের রিপা, সুলতান মাহমুদ এবং ছত্রগাছা গ্রামের দোলা বেগম। এদের মধ্যে নার্গিস ও তার ছেলেকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। নিহতদের অধিকাংশ পরিবারই আর্থিকভাবে অসচ্ছল এবং তারা ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন সাদুল্লাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

আত্মীয়তার বন্ধনে জড়িত এই মানুষগুলোর এমন করুণ মৃত্যুতে পুরো সাদুল্লাপুর উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে সুলতান মাহমুদের দুই বছরের অবুঝ শিশুর কান্না উপস্থিত সবার চোখ ভিজিয়ে দেয়।

জেএইচআর