মাগুরায় গম মাড়াই গাড়ির দুর্ঘটনায় সিরাজগঞ্জের এক ব্যক্তির মৃত্যু

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৮:০৩ পিএম

মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে গম মাড়াই কাজে ব্যবহৃত একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বাসিন্দা সেলিম (৫০)। তিনি ওই গাড়ির চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গম মাড়াইয়ের কাজ শেষে ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মেহগনি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালক সেলিম গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে ফুপাতো ভাই মোঃ আইয়ুব আলী উপস্থিত ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, নিহত সেলিম পরিশ্রমী মানুষ ছিলেন এবং জীবিকার তাগিদে বিভিন্ন এলাকায় গম মাড়াইয়ের কাজ করতেন।

এ বিষয়ে মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ দেলোয়ার জাহান জানান, “প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। কোনো অপরাধমূলক কার্যক্রমের আলামত পাওয়া যায়নি। বিষয়টি আমরা তদারকি করছি।”

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং নিহতের পরিবারকে সহযোগিতা করা হচ্ছে। বর্তমানে দুর্ঘটনাস্থল ও আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এএন