ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক নিহত

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০১:৩৬ পিএম

ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় ট্রাক চালক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম ওমর ফারুক (৩৬)। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার ডোমনপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের মালিক, বগুড়া সদর উপজেলার বুজুরুক মাজিরা গ্রামের লাল মিয়ার ছেলে জিল্লুর হোসেন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা একটি ট্রাক ফেনীর লালপোল পার হওয়ার পর রামপুর নাসির মেমোরিয়াল কলেজের সামনে এসে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।

এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাক চালক ফারুকের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ট্রাকের মালিক জিল্লুর হোসেনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত জিল্লুরের জামাতা ইস্রাফিল হাসান বলেন, “আমার শ্বশুর চট্টগ্রাম থেকে সরকারি চাল নিয়ে ঢাকার তেজগাঁও যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েছেন।”

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. রায়হান হোসেন বলেন, “গুরুতর আহত অবস্থায় জিল্লুর হোসেন নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত দুটি পরিবহন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এএন