রাজবাড়ীর পাংশায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও খোলা বাজারে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে পাংশা ফিলিং স্টেশনের সামনে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন ও বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পাংশা পৌরসভার কুড়াপাড়া এলাকার মো. সাইদ শেখের ছেলে মো. শরিফুল ইসলামকে ৫ হাজার টাকা এবং একই এলাকার মো. সুরুজ আলীর ছেলে মো. মনোয়ার হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ী শরিফুল ইসলামের কাছ থেকে ২৫ লিটার অবৈধভাবে মজুতকৃত পেট্রোল এবং মনোয়ার হোসেনের কাছ থেকে ৭ লিটার অকটেন জব্দ করা হয়। সব মিলিয়ে মোট ৩২ লিটার জ্বালানি তেল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ জানান, অবৈধভাবে তেল মজুত ও বিক্রির প্রমাণ পাওয়ায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে তাঁদের এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
জেএইচআর