জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে (২৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমজল হকের ছেলে।
মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. ফজলুল হক জানান, ২০২২ সালের ২৪ এপ্রিল আমিনুল ইসলাম তাঁর স্ত্রী সুজানা আক্তারকে (২৩) যৌতুকের দাবিতে প্রচণ্ড শারীরিক নির্যাতন করেন। গুরুতর আহত অবস্থায় সুজানাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় নিহত সুজানার বাবা সুরুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
আদালত সূত্র জানায়, মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১১ (ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে সর্বোচ্চ এই শাস্তি প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
জেএইচআর