জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র সাইদুল ইসলাম সজিবের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে।
নিহত সাইদুল ইসলাম সজিব (২৫) লোচনাবাদ গ্রামের আবুল হোসেন খানের ছেলে এবং সরকারি বরিশাল কলেজে মাস্টার্সের ছাত্র ছিলেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টায় কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার কে এম সোহেল রানা।
ঘটনার আগে রাত দুইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজিবের মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।
নিহতের বাবা আবুল হোসেন খান জানান, গত শনিবার সকালে লোচনাবাদ গ্রামের বসতবাড়ির জমি সংলগ্ন রেকর্ড জমিতে একটি দোকান ঘর তৈরির কাজ শুরু করলে পরিকল্পিতভাবে একই গ্রামের মো. মিলন খান ৮–১০ জন ভাড়াটে লোক নিয়ে হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে সেখানে হামলা চালান। হামলায় সজিব গুরুতর আহত হন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে নেওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এই হামলায় নিহতের বাবা আবুল হোসেন খান (৬৫), মা পিয়ারা বেগম (৫৫), এবং স্বজন হাসান আলী খান (৫৮) ও আয়শা বেগম (৫০) আহত হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
হামলার ঘটনায় আবুল হোসেন খান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। তবে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানিয়েছেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটে। উভয় পক্ষ পৃথক দুটি মামলা দায়ের করেছেন। পুরো ঘটনা তদন্তাধীন এবং আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এএন