নেত্রকোণার কেন্দুয়ায় সাইমুন (১৮) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সাইমুন উপজেলার আশুজিয়া ইউনিয়নের আশুজিয়া পূর্বপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই দিন আগে পরিবারের সবার অগোচরে বিষপান করে সাইমুন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে ওই কিশোর আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ জানান, বিভিন্ন মাধ্যমে স্কুলছাত্রের বিষপানে আত্মহত্যার খবর পেয়েছেন। গত দুই দিন আগে বিষপান করার পর আজ সকালে হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই সম্পন্ন হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর