রাষ্ট্রপতির আদেশে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। তার এই নিয়োগকে ঘিরে জেলার রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
জানা গেছে, তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি কালিয়াকৈরের ঐতিহ্যবাহী বলিয়াদী জমিদার বংশধর।
পারিবারিকভাবেও তিনি একটি শক্তিশালী রাজনৈতিক ঐতিহ্যের ধারক। তার পিতা চৌধুরী তানবীর আহম্মদ সিদ্দিকী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেই ধারাবাহিকতায় ইশরাক আহমদ সিদ্দিকী নিজেও জনসম্পৃক্ত রাজনীতিতে সক্রিয়ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে কাজ করবেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ সড়ক সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম জোরদারে গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এদিকে, একজন সক্রিয় রাজনৈতিক নেতাকে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের অভিজ্ঞতা প্রশাসনিক কাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে বিশ্লেষকরা প্রশাসনিক নিরপেক্ষতা ও জবাবদিহিতা বজায় রাখার বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়ার কথা বলেছেন।
গাজীপুর জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন প্রশাসক হিসেবে তিনি স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করে জেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশে এই নিয়োগ কার্যকর হওয়ার পর শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
এএন