ফেনী শহরের বারাহীপুর এলাকায় ট্রেনের ধাক্কায় আরিফুল ইসলাম রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রানা শহরের উত্তর শিবপুর মজুমদার বাড়ির নুর আলমের ছেলে। পেশায় তিনি একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রানা মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেএইচআর