চিলাই খাল পুনঃখনন, বদলে যাবে গাজীপুরের নগরচিত্র

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৮:৫৭ পিএম

গাজীপুর মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং প্রাকৃতিক খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার নিজ হাতে খনন কাজের সূচনা করে এই কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রশাসক জানান, গাজীপুর মহানগরের আওতাভুক্ত ১৯টি খালই পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। খালের পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমও জোরদার করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই চিলাই খালটি নগরীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ছয় মাসের মধ্যে খালটিকে একটি দৃষ্টিনন্দন রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের আওতায় খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ এবং বিভিন্ন প্রজাতির গাছ ও ফুল রোপণ করা হবে। এছাড়া শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য যাতে খালে না পড়ে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রশাসক আশা প্রকাশ করেন, খালগুলো দখলমুক্ত ও খনন করা হলে মহানগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর হবে। একই দিনে গাজীপুর চৌরাস্তা এলাকায় ড্রেন পরিষ্কার কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ নগরবাসী।

জেএইচআর