খোলা বাজারে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৯:০৯ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অবৈধভাবে খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে কেশব রায় (২৭) নামের এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত কেশব রায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের কুমারগারী এলাকার সুভাষ রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খন্দকার মার্কেটে কেশবের একটি মোটরসাইকেল পার্টসের দোকান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন পাম্প থেকে তেল সংগ্রহ করে অবৈধভাবে মজুত করতেন এবং প্রতি লিটার ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

অভিযানকালে ২৭ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং তা বিক্রি করে প্রাপ্ত ৩ হাজার ১৩২ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এই দণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দণ্ড কার্যকর করতে পুলিশ অভিযুক্তকে জেলহাজতে পাঠিয়েছে।

জেএইচআর