সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ৯১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. সিফাত নামের একজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোর পাশে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। এতে বাংলাদেশ বর্ডার গার্ড ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার রাশেদ খান বলেন, গোদনাইলে মেঘনা ডিপোর পাশে চালানো ওই অভিযানে ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ হিসেবে পাওয়া যায়।
পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল মজুদের দায়ে সিফাত নামের একজনকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে অবৈধ তেল মজুদের অপরাধে তাকে ৬ হাজার টাকা জরিমানাও করা হয়।
এএন