পটুয়াখালীতে মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৬:১৮ পিএম

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-পটুয়াখালী মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার দুপুরে পটুয়াখালী সড়ক বিভাগের আয়োজনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামিল আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবর রহমান টোটনসহ সড়ক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এই কর্মসূচির আওতায় পটুয়াখালী সড়ক বিভাগ বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশে মোট ৬০ হাজার বৃক্ষরোপণ করবে।

জেলা প্রশাসক জানান, আগামী তিন বছরে জেলায় তিন লক্ষাধিক গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে এই বিশাল পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়মিত গাছের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। তা না হলে এই মহতী কর্মসূচির প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জিত হবে না।

জেএইচআর