ঈশ্বরদীতে খরিপ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০১:৫৯ পিএম

পাবনার ঈশ্বরদীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আউশ, মুগ, তিল ও পাটের বীজ এবং সার বিতরণ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে।

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এই প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব।

এসময় উপজেলার ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হয়। কৃষকদের মধ্যে রোপা আউশ, মুগ, তিল ও পাটের বীজের পাশাপাশি প্রয়োজনীয় রাসায়নিক সারও দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, “কৃষিই বাংলাদেশের প্রধান শক্তি। আধুনিক প্রযুক্তি ও সরকারি সহায়তা কাজে লাগালে একসময় ঈশ্বরদী সারাদেশে কৃষি উৎপাদনে অন্যতম শীর্ষ উপজেলা হিসেবে পরিচিত হবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন বলেন, “আজ ১ হাজার কৃষকের মাঝে রোপা আউশ, মুগ, তিল ও পাটের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং আবাদ বাড়ানোর লক্ষ্যেই এই প্রণোদনা দেওয়া হচ্ছে।”

এএন