বালিয়াকান্দিতে স্বামী-স্ত্রীসহ তিন মাদকসেবী ও ব্যবসায়ীর কারাদণ্ড

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৫:২৩ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক রবিউল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করেছেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে বহরপুর এলাকার বাসিন্দা মো. রিপন মন্ডল (৩২) ও তার স্ত্রী লাভলী আক্তারকে (৩২) এক বছর করে কারাদণ্ড এবং ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ৩ মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। স্থানীয়ভাবে তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী হিসেবে পরিচিত। অভিযানকালে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ও এক পোটলা গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।

এছাড়া পুরানচর এলাকার তুষার মন্ডলকে (২৩) মাদক সেবনের দায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং ১০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত ১০ দিন জেল খাটতে হবে। অভিযানে ভিডিও ধারণকালে ভুলক্রমে একটি ধারার কথা উল্লেখ করা হলেও বাস্তবে আইনগত সঠিক ধারাতেই এই সাজা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বালিয়াকান্দি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, মাদকমুক্ত সমাজ গঠনই প্রশাসনের মূল লক্ষ্য। মাদক সেবন ও ব্যবসায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে মাদক নির্মূলে সচেতন থাকার আহ্বান জানান।

জেএইচআর