রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৫:৩৭ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম আব্দুর রহমান, যার বয়স মাত্র ৬ মাস। তার বাবা মাহবুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাজারামপুর গ্রামে। 

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে হাসপাতালের শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শুধু এই শিশুটির মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নতুন করে আরও ২০ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হওয়ায় ৪ জনকে ছুটি দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ১৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সর্বমোট ৩৪০ জন রোগী ভর্তি হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা অবলম্বন করছে।

জেএইচআর