অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ-সাংবাদিক সমন্বয় জরুরি: জিএমপি কমিশনার

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৫:৪৭ পিএম

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) আয়োজনে সাংবাদিকদের সঙ্গে এক ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জিএমপি কমিশনারের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, সাম্প্রতিক সময়ে মহানগরে অপরাধ প্রবণতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। এটি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ফল।

তিনি আরও বলেন, সাংবাদিকদের সহযোগিতা ছাড়া টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে জনগণের আস্থা বাড়বে এবং অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ফলাফল পাওয়া যাবে। ভবিষ্যতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন, ডিসি (হেডকোয়ার্টার) মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়া এবং ডিসি (ট্রাফিক) এস এম আশরাফুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় পর্বে গাজীপুরের জ্যেষ্ঠ ও তরুণ সাংবাদিকরা অংশ নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক শরীফ আহমেদ শামীম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সেক্রেটারি মো. হেদায়েত উল্লাহ, মো. রেজাউল বারী বাবুল, মো. আমিনুল ইসলাম, শাহ শামসুল হক রিপন, ইজাদুর রহমান মিলন, অপূর্ব রায়, হাসিব খান, মহিউদ্দিন রিপনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। সাংবাদিকরা বলেন, জনস্বার্থ ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যম একই লক্ষ্য নিয়ে কাজ করে।

আলোচনায় সাংবাদিকরা গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকার অপরাধ চিত্রও তুলে ধরেন। বিশেষ করে টঙ্গী ও আশদনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কার বিষয়টি গুরুত্বের সঙ্গে জানানো হয়। 

স্থানীয়ভাবে বড় ধরনের কোনো সহিংসতা বা প্রাণহানি এড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তারা পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। পুরো আয়োজনটি একটি নিরাপদ ও স্থিতিশীল গাজীপুর গড়ার প্রত্যয়ে ইতিবাচক বার্তা প্রদান করে।

জেএইচআর