বগুড়ায় যুবলীগ নেতা বাকি বিল্লাহ গ্রেপ্তার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০২:২৬ পিএম

বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক এস এম বাকি বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিক দিপা এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে নিজের জমিতে সেচ কাজের তদারকি করছিলেন বাকি বিল্লাহ। এসময় শাজাহানপুর থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয়। স্থানীয়দের ধারণা ছিল রাজনৈতিক কোনো মামলায় তাকে আটক করা হয়েছে।

তবে পুলিশ জানিয়েছে, কোনো রাজনৈতিক কারণে নয়, বরং আদালতের পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বিবরণী অনুযায়ী, বালুমহাল ও ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় দণ্ডিত অপরাধে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

আড়িয়া ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

জেএইচআর