মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে জ্বালানি তেল নামানোর সময় সাড়ে ৪ হাজার লিটার ডিজেলসহ একটি ট্যাংক লরি জব্দ করেছে পুলিশ।
শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার সাহেবনগর বাজার থেকে লরি ভর্তি এই তেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-ঢ ৪১-০০৪৩ নম্বরের লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু গভীর রাতে লরিটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে গাংনী উপজেলার সাহেবনগর বাজারের জনৈক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে অবৈধভাবে তেল খালাস করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।
অভিযানকালে তেলের স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় লরি ও তেল জব্দ করে গাংনী থানা হেফাজতে নেওয়া হয়। পুলিশ আরও জানায়, লরিটির কাগজপত্র এবং তেলের উৎস যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর