ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৪:২৫ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে একটি কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্রসহ নাঈম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মধ্য পোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক নাঈম ওই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈমের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এলাকার কয়েকজন যুবক তাকে আটকে তল্লাশি চালায়।

এ সময় তার কাছ থেকে একটি কার্তুজ ও একটি দেশীয় অস্ত্র (কাঠার) উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ফরিদগঞ্জ থানার এসআই বোরহান উদ্দিন মজুমদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নাঈমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনার নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ গভীর তদন্ত অব্যাহত রেখেছে।

জেএইচআর