কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সাংবাদিকসহ অসুস্থ ৪

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা) প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৬:৫৪ পিএম

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক ব্যবসায়ীর বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার পৌরসভার শান্তিবাগ চিরাং মোড়ে এ ঘটনা ঘটে।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ী তাপস ব্যানার্জি ও তার পরিবারের ৯টি সেমিপাকা ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ড নিভাতে গিয়ে এক সাংবাদিক ও ফায়ার সার্ভিস কর্মীসহ চার জন অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সাংবাদিক সালমান আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে। অন্যরা হলেন: কান্দিঊড়া গ্রামের সুমন খান, চিরাং মোড়ের টিভি মেকানিক সজল এবং কেন্দুয়া ফায়ার সার্ভিস কর্মী আজিজুল হক।

ব্যবসায়ী তাপস ব্যানার্জি বলেন, "আমি বাসায় থাকি না। সেমিপাকা এই ঘরগুলো ভাড়া দেওয়া ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের দল ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে এবং ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমার ধারণা। এই আগুনে ৯টি ঘরের অপূরণীয় ক্ষতি হয়েছে।"

কেন্দুয়া ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো: কামরুজ্জামান বলেন, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। এতে ৯টি সেমিপাকা ঘর পুড়ে গেছে। ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে এবং ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিভাতে গিয়ে আমার এক সহকর্মী এবং এক সাংবাদিকসহ চারজন আহত হয়েছেন।"

এএন