মহেশপুরে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১২:৩৭ পিএম

ঝিনাইদহের মহেশপুরে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, প্রেসক্লাব সভাপতি সরোয়ার হোসেন এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সমর কুমার মিত্রসহ অন্যান্যরা।

প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, তিল, মুগ ও আউশ ফসলের আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে পাট বীজ, ১২ হাজার কৃষকের মাঝে আউশ বীজ, ৭০০ কৃষকের মাঝে মুগ বীজ এবং ২০০ কৃষকের মাঝে তিল বীজ বিতরণ করা হয়। এছাড়াও প্রত্যেক কৃষককে ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এএন