মায়ের হাত ধরেই শেষ যাত্রা, বজ্রপাতে প্রাণ গেল মা-ছেলের

ইয়ামিন হাসান, সাঘাটা (গাইবান্ধা) প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১১:৩৮ এএম

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা দাসপাড়ায় এক হৃদয়বিদারক বজ্রপাতের ঘটনায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আকস্মিক কালো মেঘ আর ঝড়-বৃষ্টির মধ্যে কয়েক সেকেন্ডের বজ্রপাত কেড়ে নেয় একই পরিবারের দুই সদস্যের জীবন।

নিহতরা হলেন মান্দুরা দাসপাড়ার শ্রী শৈলান চন্দ্র দাসের স্ত্রী শ্রীমতি কল্পনা রাণী এবং তার ছেলে শ্রী সোহাগ চন্দ্র দাস (২৮)।

পরিবারের সদস্যরা জানান, বৃষ্টির সময় ঘরের বাইরে থাকা রান্নার কাঠ নিরাপদে ঘরে তোলার জন্য কল্পনা রাণী এগিয়ে যান। কাঠ ঘরে নিতে তিনি ছেলে সোহাগকে ডাকেন। সে সময় সোহাগ তার দেড় বছর বয়সী শিশুকে আগলে রেখেছিলেন। মায়ের ডাকে সাড়া দিয়ে সাহায্য করতে এগিয়ে আসতেই হঠাৎ বজ্রপাত আঘাত হানে। ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মা-ছেলে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মান্দুরা ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন মণ্ডল বলেন, “মা ও যুবক ছেলে একই সঙ্গে বজ্রপাতে মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

একই ঘটনায় শোকে ভেঙে পড়েছে পরিবার ও স্বজনরা। সোহাগের রেখে যাওয়া দেড় বছর বয়সী সন্তান বারবার বাবাকে খুঁজছে, আর স্বামী হারানোর শোকের সঙ্গে সন্তান হারানোর বেদনাও বইতে হচ্ছে পরিবারটিকে।

ঘটনার খবর পেয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবির এবং সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এএন