দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মা-ছেলে-নাতিসহ গ্রেপ্তার ১৩

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৩:১৩ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে মা, ছেলে ও নাতিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, আর বাকি ২ জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন নগর ভাউলাগঞ্জ এলাকার মজিবর রহমানের স্ত্রী তহমিনা বেগম (৭৫), তার ছেলে মো. হানিফ (৪৪) ও নাতি মো. মিস্টার আলী (২৩)। এছাড়া নীলফামারীর ডোমার উপজেলার শব্দিগঞ্জ এলাকার মো. হানিফ (২৪) ও জহুরুল ইসলাম (৩২), দেবীগঞ্জ উপজেলার টোকরাভাষা এলাকার জিয়াউর রহমান (২৬), ভাউলাগঞ্জ এলাকার রনি ইসলাম (২৪), সুমন ইসলাম (২২), তোকির আলম (৩৪), কমল রায় (২৫), বোদা উপজেলার নুরপুর এলাকার রাগিব ইয়াসার (২২) ও মামুনুর রশিদ (৩০) রয়েছেন।

অভিযানকালে তহমিনা বেগমের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপর ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, তহমিনা বেগম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। সেখানে নিয়মিত মাদকের আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাড়িটি ঘিরে ফেলে আসামিদের গ্রেপ্তার করে।

একই দিনে দেবীগঞ্জ পৌর সদরের সবুজ পাড়া এলাকার শফীফুল ইসলামের ছেলে রাজু ইসলামকে সাহাপাড়া এলাকায় মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা ও পুলিশ প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এএন