ভূমধ্যসাগরে নিহত অভিবাসীপ্রত্যাশীর পরিবারের পাশে প্রধানমন্ত্রী

দিরাই প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৫:০৭ পিএম

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, নিজেকে স্বাবলম্বী করতে দালালদের খপ্পরে পড়ে অবৈধভাবে ইউরোপ পাড়ি দিতে গিয়ে ৭ জনের সাগরজলে মর্মান্তিক মৃত্যু কারো কাম্য ছিল না। আমরা চাই, সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণ বৈধ পথে বিদেশে পাড়ি জমাক।

আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান শোকাহত সাত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি বিএনপির পক্ষ থেকে সমবেদনা জানাতে আমাদের নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনা পালন করে প্রধানমন্ত্রীর অনুদান শোকাভিভূত পরিবারে পৌঁছে দিতে আজ আমরা এখানে এসেছি। বিএনপি বৈধ পথে জনশক্তি রপ্তানিতে বদ্ধপরিকর।

তিনি দিরাই-শাল্লার সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আমাদের ভাটিসীমা অঞ্চলকে সমৃদ্ধ করেছেন। জীবনের শেষ প্রান্তে এসে আবারও এমপি হওয়ায় জনগণের ভালোবাসা ও তাদের রাজনৈতিক প্রজ্ঞা সুস্থ রাজনীতি চর্চায় আমাদের অনুপ্রাণিত করেছে।

রোববার দুপুরে দিরাই উপজেলার সাতজন ইউরোপ পাড়ি দেওয়ার পথে সাগরজলে মারা যাওয়া পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌরশহরের থানা রোডে বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আব্দুল হক, সদস্য এডভোকেট মাসুক আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হেলাল, আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুকসহ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে মানবপাচারকারীদের মাধ্যমে যাত্রাকালে অনাহারে দিরাই উপজেলার ৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

এএন