মাগুরা শহরে যানজট নিরসনে মাঠে পুলিশ সুপার মোল্লা আজাদ

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১২:৫৬ পিএম

মাগুরা জেলা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার নিরসনে সরাসরি মাঠে নেমেছেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ। সোমবার (সকাল) শহরের ভায়নামোর–ঢাকা রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অভিযান পরিচালনা করে তিনি নিজেই তদারকি করেন যানবাহন চলাচল ও সড়ক ব্যবস্থাপনা।

সকালের দিকে দেখা যায়, পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে পুলিশ সুপার সড়কে দাঁড়িয়ে যানজট সৃষ্টিকারী অবৈধ পার্কিং, এলোমেলো যানবাহন ও দখলদারিত্ব সরিয়ে দেন। সড়কের পাশে জমে থাকা প্রতিবন্ধকতা অপসারণ করে রাস্তা ফাঁকা করা হয়। এতে তাৎক্ষণিকভাবে যান চলাচলে গতি ফিরে আসে এবং সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেন।

পুলিশ সূত্র জানায়, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে নিয়মিত মোবাইল টিম কাজ করবে।

পুলিশ সুপার মোল্লা আজাদ বলেন, “যানজট শুধু পুলিশের একার সমস্যা নয়। এটি সমন্বিতভাবে সমাধান করতে হবে। আমরা নিয়মিত অভিযান চালিয়ে সড়ককে শৃঙ্খলার মধ্যে আনতে চাই। জনসচেতনতা বাড়ানোও জরুরি।”

স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, “অনেকদিন পর এমনভাবে পুলিশকে সরাসরি মাঠে কাজ করতে দেখলাম। আজকে সড়কে স্বস্তি পেয়েছি। এই উদ্যোগ নিয়মিত হলে স্থায়ী সমাধান সম্ভব।”

একজন পরিবহন চালক জানান, “যেখানে-সেখানে গাড়ি দাঁড় করানো বন্ধ করলে আর নিয়ম মানলে যানজট অনেকটাই কমে যাবে। আজ পুলিশ কঠোর হওয়ায় সুবিধা হয়েছে।”

স্থানীয়রা বলছেন, মাগুরা শহরের যানজট নতুন সমস্যা নয়। দীর্ঘদিন ধরে অপরিকল্পিত নগরায়ন, ফুটপাত দখল, অবৈধ পার্কিং, বাজারকেন্দ্রিক চাপ ও ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা এ সমস্যাকে জটিল করে তুলেছে। বিশেষ করে ব্যস্ত সড়কগুলোতে নিয়মিত তদারকির অভাব পরিস্থিতিকে আরও খারাপ করেছে।

তাদের মতে, পুলিশের এমন সক্রিয় ভূমিকা প্রশংসনীয় হলেও স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সিটি পরিকল্পনা, বিকল্প সড়ক ব্যবস্থাপনা, ফুটপাত উন্মুক্ত রাখা এবং গণসচেতনতা বাড়ানো এসব পদক্ষেপ একসঙ্গে বাস্তবায়ন করতে হবে।

তবে তাৎক্ষণিক উদ্যোগে শহরের সড়কে যে স্বস্তি ফিরেছে, তা স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। অনেকেই মনে করছেন, পুলিশ সুপারের এই সরাসরি তদারকি অব্যাহত থাকলে মাগুরার দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি হতে পারে।

এএন