মাদারীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভায় জেলার উন্নয়ন ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও গণমাধ্যম সমন্বয় করে কাজ করলে মাদারীপুর জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি আরও উল্লেখ করেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সমস্যা, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য তিনি সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বী। এছাড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাবসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় সাংবাদিকরা জেলার যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ ও ভূমি সংক্রান্ত জনভোগান্তি লাঘবে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। নবাগত জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, প্রশাসনের এই উন্মুক্ত আলোচনা জেলার জনস্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
জেএইচআর