চাঁদপুরে চড়া মূল্যে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৬:৪৫ পিএম

চাঁদপুর শহরের খলিসাডুলী এলাকায় অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার দুপুরে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযান সূত্রে জানা গেছে, শহরের ওয়াপদা গেট ও খলিসাডুলী এলাকায় বাজার তদারকিকালে 'এলপিজি ট্রেডিং' নামক একটি প্রতিষ্ঠানে একাধিক অনিয়ম পরিলক্ষিত হয়। প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে গ্যাস বিক্রি করছিল। এছাড়া তাদের গ্যাস বিক্রির বৈধ লাইসেন্স ছিল না এবং বিক্রয় মেমোতে সঠিক ঠিকানা উল্লেখ ছিল না। এমনকি অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই নিয়মিত তদারকি কার্যক্রম চলমান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

অভিযান পরিচালনাকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করে। সাধারণ ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

জেএইচআর