মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সাথে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে দেড় ঘণ্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বর্তমানে জেলায় বিরাজমান জ্বালানি তেলের সংকট এবং বিতরণ ব্যবস্থার অব্যবস্থাপনার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। এর ফলে সাধারণ মানুষ ও কৃষকদের যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, তা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এছাড়া শিক্ষা খাতে অরাজকতা, কোচিং ও প্রাইভেট বাণিজ্যের বিস্তার এবং কিছু শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার মতো স্পর্শকাতর বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, সাংবাদিকরা প্রশাসনের সহায়ক শক্তি। জেলার সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে গণমাধ্যমকর্মীদের তথ্য ও সহযোগিতা অত্যন্ত জরুরি।
তিনি সাংবাদিকদের উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং জনভোগান্তি লাঘবে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদসহ জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। মেহেরপুরের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসনের সাথে সাংবাদিকদের এই সমন্বিত পথচলা অব্যাহত থাকবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
জেএইচআর