মহেশপুরে নিরপরাধ ভ্যানচালককে চোর সন্দেহে নির্মম নির্যাতন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১২:২২ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের কাকিলাদাড়ি গ্রামে ভ্যানচোর সন্দেহে ব্রেন স্ট্রোক করা অসহায় ভ্যানচালক জামাল হোসেন (৪০)-কে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। 

সোমবার সকালে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার জামাল হোসেন মান্দারবাড়ীয়া ইউনিয়নের মির্জাপুর কুমিল্লাপাড়া গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে।

জানা যায়, তিনি সকালে ভ্যানে যাত্রী নিয়ে কোটচাঁদপুরে গিয়ে ফেরার পথে কাকিলাদাড়ি এলাকায় পৌঁছালে স্থানীয় কিছু লোক তাকে ভ্যানচোর সন্দেহে আটক করে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে। কয়েক দিন আগে ওই এলাকায় একটি ভ্যান চুরির ঘটনার জেরে সন্দেহের বশে এ নির্যাতন চালানো হয় বলে জানা গেছে।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তার কোমরের নিচ থেকে পা পর্যন্ত ফুলে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধেছে।

স্থানীয় প্রতিবেশী নুর আলম জানান, জামাল হোসেন পূর্বে ব্রেন স্ট্রোক করায় স্বাভাবিকভাবে কথা বলা ও চলাফেরা করতে পারেন না; চিকিৎসা শেষে কষ্ট করে ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছিলেন।

ভুক্তভোগীর স্ত্রী আঞ্জুয়ারা বলেন, তারা অত্যন্ত দরিদ্র। স্বামীকে এমনভাবে মারধর করা হয়েছে যে তিনি ভবিষ্যতে কাজ করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন এবং চিকিৎসা ব্যয় বহন করাও তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

এ ঘটনায় জামালের মামাতো ভাই মো. মাইনুদ্দিন রাত ৯টার দিকে মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নয়ন জানান, লাঠির আঘাতে তার কোমরের নিচে গুরুতর জখম হয়ে রক্ত জমাট বেঁধেছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ঘটনার বিষয়ে জিডি পাওয়া গেছে; বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এএন