জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পাওয়া গরু চুরি, মাদক ও জুয়ার মতো সামাজিক অপকর্ম রোধে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ইউনিয়নের মুক্তির বাজারে স্থানীয় শান্তিপ্রিয় ও সচেতন জনতার ব্যানারে এই সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, সাপধরী প্যানেল চেয়ারম্যান শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজ মন্ডল এবং ইউপি সদস্য মোফাজ্জল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে গরু চুরি, মাদক ও জুয়া আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে গরু চুরির ঘটনায় প্রান্তিক কৃষকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সম্প্রতি কাশারীডোবা এলাকা থেকে চুরি হওয়া একটি গরুসহ স্থানীয় চিহ্নিত চোর সুরুজ সেক ও কোরবান আলীকে পার্শ্ববর্তী সারিয়াকান্দি উপজেলার মানিকদার এলাকা থেকে আটক করা হয়। পরে স্থানীয় জনতা তাদের ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কাছে হস্তান্তর করলে সামাজিক বৈঠকের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করে গরুটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
সভায় অভিযোগ করা হয়, এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং প্রকৃত অপরাধ আড়াল করতে কাশারীডোবা গ্রামের মজিবর রহমান ও তার সহযোগীরা জামালপুর শহরে গিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে সংবাদ সম্মেলন করেছে। এতে জনপ্রতিনিধি ও স্থানীয় সুধী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেন বক্তারা। চোর ও তাদের মদতদাতাদের এই অপতৎপরতায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রতিবাদ সভা থেকে দুর্গম চরাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং চুরি-মাদকসহ সকল অপকর্ম চিরতরে বন্ধে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। একই সঙ্গে অপরাধীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।
জেএইচআর