খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামে নদীতে মাছ ধরার সময় একটি নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার দুপুরে জোড়শিং সংলগ্ন নদীর মাঝখানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা অপর এক জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
নিখোঁজ জেলেরা হলেন- উপেন মৃধা (৫০), পিতা মৃত শুধির মৃধা এবং মুকেন্দ মন্ডল (৪২), পিতা মৃত ধোনা মন্ডল। তারা দুজনেই স্থানীয় বাসিন্দা। অন্যদিকে, জীবিত ফিরে আসা জেলের নাম বিপুল রায় (৩৫), পিতা পরিতোষ রায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তিন জেলে একটি ছোট নৌকায় করে নদীতে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর মাঝখানে ডুবে যায়। বিপুল রায় কোনোমতে সাঁতরে তীরে উঠে প্রাণে বাঁচলেও বাকি দু’জন মুহূর্তের মধ্যে তলিয়ে যান।
দুর্ঘটনার পর পরই স্থানীয় জেলেরা ও এলাকাবাসী নৌকা নিয়ে নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। তবে নদীর তীব্র স্রোত ও গভীরতার কারণে প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ দুই জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার পর থেকে নিখোঁজদের পরিবারে শোকের মাতম চলছে এবং স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, জোয়ারের স্রোতের কারণে নিখোঁজ জেলেরা দূরে কোথাও ভেসে যেতে পারেন। খবর পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উদ্ধার তৎপরতা জোরদার করার আশ্বাস দিয়েছেন।
জেএইচআর