ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মাঝে জরুরি সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে অনুদানের চেক ও খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক অনুদান এবং ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। এছাড়াও জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের ক্ষতি পুরোপুরি পূরণ করা সম্ভব নয়, তবে ক্ষতিগ্রস্তদের কষ্ট কিছুটা লাঘব করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় আছে এবং ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডে সহায় সম্বল হারিয়ে বিপাকে পড়া পরিবারগুলো প্রশাসনের এই দ্রুত সাড়া দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে। স্থানীয়রা মনে করছেন, এই সহায়তা তাদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে সাহস জোগাবে।
জেএইচআর