গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি বনাঞ্চল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাঁচারস গ্রাম সংলগ্ন একটি জঙ্গল থেকে মাথার খুলি ও হাড়সহ মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে জসিম নামে এক ব্যক্তি বন পরিষ্কার করতে গিয়ে হঠাৎ মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দেখতে পান। সেখানে একটি মাথার খুলি, হাড়, জুতা, লাল রঙের টি-শার্ট ও কালো প্যান্ট পড়ে থাকতে দেখা যায়।
ঘটনাটি জানাজানি হলে দ্রুত আশপাশের লোকজন সেখানে ভিড় জমায়। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও মৌচাক ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামতসহ মানবদেহের অংশগুলো উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বেশ কিছুদিন আগের ঘটনা।
ওসি আরও বলেন, এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
এই ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই রহস্য উদঘাটন করে প্রকৃত ঘটনা জনসমক্ষে আনার দাবি জানিয়েছেন।
জেএইচআর