হাটহাজারীতে মহাসড়কে বালির পাহাড়, দুর্ঘটনার ঝুঁকিতে যানবাহন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০২:৫৫ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে মহাসড়ক দখল করে বালুর স্তূপ রাখায় চলাচলে চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হয়েছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের আলাওল দীঘির দক্ষিণ পাশে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের ওপর বিশাল বালুর স্তূপ করে রাখায় সড়কটি সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহন মরণফাঁদ পাড়ি দিয়ে যাতায়াত করছে।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের একটি বড় অংশ বালুর দখলে থাকায় দ্রুতগামী বাস, ট্রাক ও অটোরিকশাগুলো সেখানে এসে আকস্মিক বাধার মুখে পড়ছে। বিশেষ করে রাতের আঁধারে পর্যাপ্ত আলো না থাকায় এই স্তূপ মরণফাঁদে পরিণত হচ্ছে। এছাড়া বাতাসে উড়ে আসা বালু চাকার নিচে পড়লে গাড়ি পিছলে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন চালকরা।

স্থানীয়দের অভিযোগ, এক সময় সড়ক বা ফুটপাতে নির্মাণ সামগ্রী রাখার বিরুদ্ধে প্রশাসনের কঠোর তৎপরতা থাকলেও বর্তমানে তা লক্ষ্য করা যাচ্ছে না। এই নীরবতার সুযোগে প্রভাবশালী চক্র ও ব্যবসায়ীরা মহাসড়কের ওপর ইট, বালু ও পাথর স্তূপ করে রাখছেন। কেবল ফতেপুর নয়, নাজিরহাট ও রাউজান মহাসড়কের বিভিন্ন পয়েন্টেও একই চিত্র দেখা যাচ্ছে।

ভুক্তভোগী এক বাস চালক জানান, সড়কটি এমনিতেই ব্যস্ত, তার ওপর বালুর কারণে গাড়ি পাশ কাটানো কঠিন হয়ে পড়ে। যেকোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

এলাকাবাসীর দাবি, সড়কটিতে যানজট ও প্রাণহানি এড়াতে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ স্তূপ অপসারণ করা প্রয়োজন। সাধারণ পথচারীদের প্রশ্ন জাতীয় মহাসড়ক এভাবে দিনের পর দিন দখল হয়ে থাকলেও কর্তৃপক্ষ কেন নির্বিকার রয়েছে? তারা অবিলম্বে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

জেএইচআর