মানিকগঞ্জের ঘিওরে ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে ঘিওর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করা হয়।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত নানা প্রকল্প পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীল কাজের প্রশংসা করে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ উদ্ভাবকদের মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি।
এবারের মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট ৮টি স্টলে তাদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রদর্শনী তুলে ধরে। শিক্ষার্থীদের এই সৃজনশীল অংশগ্রহণ মেলায় আসা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্বতী পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মেহনাজ ফেরদৌসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এই মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
জেএইচআর