চট্টগ্রামে পাটজাত পণ্যের উৎপাদন ও মান নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৩:৫৫ পিএম

চট্টগ্রামে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজেজিইএ)-এর যৌথ উদ্যোগে পাটজাত পণ্যের উৎপাদন ও মান নিয়ন্ত্রণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে জেলার ২০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেজিইএ-এর পরিচালক মরিদুল আলম চৌধুরী। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন বিপিসি-এর সহকারী পরিচালক লিটন চন্দ্র রায়, বিজেজিইএ-এর সেক্রেটারি জেনারেল মো. হাসানুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেডিপিসি সেন্টারের ইনচার্জ স্বপন কুমার মোহন্ত এবং আইআরআইএস বুটিকস-এর স্বত্বাধিকারী আমেনা বেগম। তাঁরা পাটজাত পণ্যের সম্ভাবনা, কাঁচামাল নির্বাচন এবং সঠিক উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে মান নিশ্চিত করার বিভিন্ন কৌশল প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শিখিয়ে দেন।

বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাটজাত পণ্যের অবস্থান শক্তিশালী করতে গুণগত মান বজায় রাখা অপরিহার্য। দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে এই খাতে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পাট খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

জেএইচআর