কুড়িগ্রাম শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক নাজির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। ক্ষুদে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকদের জন্যও রাখা হয়েছিল বিভিন্ন আকর্ষণীয় ইভেন্ট। মাঠজুড়ে উৎসবের আমেজ আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে প্রতিটি প্রতিযোগিতা সম্পন্ন হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানা সুলতানা মিলুসহ অন্যান্য শিক্ষকরা এই সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
জেএইচআর